রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বারিয়াপুর নতুন পাড়ায় স্থানীয় এক নারীর কাছে ৭ দিন পূর্বে ফেলে যাওয়া ৪ বছরের শিশু আমেনাকে ফিরিয়ে নিতে এলো শিশুটির কথিত পাগলী মা।
আজ বুধবার (০২ জুন) দুপুরে শিশুটির কথিত পাগলী মা বেলী নিজেকে তার জন্মধাত্রী মা দাবি করে মেয়েকে নিয়ে যেতে চায়।
বেলী খাতুন জানায়, মেয়ের জীবনের নিরাপত্তারহীনতার জন্য সে মেয়েকে বুলবুলির কাছে রেখে গেছে। তার স্বামীর নাম এস আরমান, বাড়ি সৈয়দপুরের নয়া বাবুপাড়ায়।
জানা যায়, গত ২৬ মে আনুমানিক সকাল ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নিমের মাজন বিক্রেতা খ্যাত মরহুম হযরত আলী বাদশার মেয়ে বুলবুলি খাতুনের কাছে ৪ বছরের একটি শিশু মেয়েকে রেখে কৌশলে পালিয়ে যায় কথিত মা বেলী। বুলবুলি খাতুনের বাড়ী বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলএসডি গোডাউনের পাশে শক্তিপুর মহল্লায়।
শাহজাদপুর থানা পুলিশের অনুমতিক্রমে মেয়েটি বুলবুলি খাতুনের বাড়িতেই রয়েছে। মেয়েটি তার নাম বাবার নাম ছাড়া অন্য আর কিছু বলতে না পাড়ায় তার কোন সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি।
শিশুটি যার হেফাজতের রয়েছে সেই বুলবুলি খাতুন ও প্রতিবেশীরা জানান, কয়েকদিন আগে এই নারী শিশুটিকে মহাসড়কের বাঝখানে বিপজ্জনক ভাবে বার বার ধাক্কা দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে সে শিশুটিকে হত্যা করতে চায়। পরে শিশু ও তাকে আমরা বাড়িতে নিয়ে আসি, পরে বেলী খাতুন গোসল করার কথা বলে পালিয়ে যায়।
প্রতিবেদক শিশু আমেনাকে জিজ্ঞাসা করলে সে বেলীকে দেখিয়ে জানায় সে তার মা এবং বুলবুলী খাতুনকে দেখিয়ে বলে এটা আমার বড় মা। কথাটি শুনে সবাই উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এসলাম আলী জানান, বেলী খাতুনের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। শিশুটির নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হয়েই আমরা তার অভিবাবকের কাছে হস্তান্তর করবো।
