রোহিঙ্গাদের পকেট খরচ দেব না: মোজাম্মেল হক

নজর২৪, ঢাকা- ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

মোজাম্মেল হক বলেন, ‘সেখানে মানসম্মতভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিক্ষোভ হয়েছে, ৫ হাজার টাকা করে ভাতা দিতে হবে। পৃথিবীরে কোনো দেশেই শরণার্থীদের নাগরিক সুবিধা থাকে না। তাদের থাকতে দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়।’

 

‘আমরা বলেছি, তাদের চিকিৎসার যেন কোনো ঘাটতি না হয়। তাদের থাকা, খাওয়া, পরার যা দরকার তা শতভাগ সরকার নিশ্চিত করবে। পকেট খরচ দেওয়ার কোনো বিধান নেই। হয়ত না বুঝে বা কারো প্ররোচণায় বলেছে।’

 

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘ভাসানচর বিচ্ছিন্ন এলাকা। কিন্তু সেখানে প্রতিদিনই বহুসংখ্যান নৌযান যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য করছে। এসব বন্ধের সিদ্ধান্ত হয়েছে। কোনো নাগরিকই বিনা অনুমতিতে সেখানে যেতে পারবে না। যাতায়াতের যেসব বাহন আছে সেগুলো বন্ধ থাকবে। সাংবাদিক বা অন্য কেউ সেখানে যেতে চাইলে সরকারের অনুমতি নিয়ে যাবেন।’

 

‘অনেকে বলছেন, রোহিঙ্গারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। আমরা পুলিশ ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছি। এরা যৌথভাবে বিষয়টি দেখবেন। যদি কাউকে পাওয়া যায় তাকে ধরে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে তাদের ভাসানচরে পাঠিয়ে দেওয়া হবে।’

 

যারা কক্সবাজার বা অন্য এলাকায় রয়েছে তাদের মধ্যে অনেকেই মা/দ/ক ব্যবসা ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘সেটা নিয়ন্ত্রণের জন্য চারদিকে ওয়াল নির্মাণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে, সিসি ক্যামেরা বাড়ানো হবে। অবৈধ কর্মকাণ্ড যাতে বন্ধ হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *