সিনিয়র নেতাদের সামনেই প্রেসক্লাবে ছাত্রদলের চেয়ার ছোড়াছুড়ি

নজর২৪, ঢাকা- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে।

 

আজ বুধবার বিকাল ৩টার পর জাতীয় প্রেস ক্লাবে পূর্বনির্ধারিত এ আলোচনা সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর বিকাল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করলেও উত্তেজনা চলে।

 

এসময় উত্তেজনা থামাতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা প্রেসিডেন্ট ও সেক্রেটারি আমি তাদের কারও দোষ দেবো না, উৎসাহিতও করবো না। কিন্তু তাদের দায়িত্ব আছে, তারা যদি সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারিকে সহযোগিতা না করে তাহলে ছাত্রদলের এমন প্রোগ্রাম কিন্তু সুন্দরভাবে চলতে পারে না। এখানে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সামনে কঠিন আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *