নজর২৪ ডেস্ক: ফেসবুকে ভারতীয় নাগরিকের সাথে প্রেম, পরে তার হাত ধরে জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার এক গৃহবধু ঘর ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামী ব্যবসায়ী আব্দুল আলী এমন অভিযোগ করেছেন।
এ ঘটনায় সোমবার (৩১ মে) দুপুরে জামালপুর সদর থানায সাধারণ ডায়রি করেছেন আব্দুল আলী।
আব্দুল আলী বলেন, জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকার আঃ রবের কন্যা রুপা খাতুনকে তিনি ২০০৫ সালে বিয়ে করেন। পরে তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। এরমধ্যে রুপা খাতুন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক ভারতীয় নাগরিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আঁচ করতে পান তিনি।
আব্দুল আলী অভিযোগ করেন, রুপাকে এ থেকে বের হয়ে আসতে বারণ করলেও সে কোনো কথাই শোনেননি। একপর্যায়ে গত ২২ মে রাতে তার বাসা থেকে চলে যান। এসময় তার স্ত্রী টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও জানান তিনি।
ভারতীয় যুবকের হাত ধরেই স্ত্রী পালিয়ে গেছেন বলে ধারণা আবদুল আলীর। ভারতীয় ওই যুবক বাংলাদেশে মেট্রোরেল প্রকল্পে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন বলে জানা গেছে।
জামালপুর সদর থানার (ওসি তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে সোমবার দুপুরে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
