ফেনীতে জমির বিরোধ নিয়ে কৃষক নিহত, গ্রেফতার ৭

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামে এক কৃষক নিহত ও তার সহোদর মো. মাসুদ (৩৫) আহত হয়েছে।

 

উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের হাদা ব্যাপারী দোকান এলাকায় সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।

 

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, হাদা ব্যাপারি দোকান এলাকার আবদুল শুক্বুর গংদের সাথে প্রতিবেশি বেলায়েত হোসেন বেলাল গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে আবদুল শুক্কুরের ছেলে আবুল হাসেমের সাথে বেলায়েত হোসেন বেলালের ভাই ননা মিয়ার সাথে হাদা ব্যাপারীর দোকানে রোববার সন্ধ্যায় হাতাহাতি হয়।

 

উপস্থিত লোকজন উভয় পক্ষকে নিবৃত্ত করে দেন। এ ঘটনার জেরে ভোর পাঁচটার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা মিলে বেলাল ও মাসুদের উপর অতর্কিত হামলা করে। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে বেলায়েত হোসেন বেলাল মৃত্যুবরণ করেন। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদ (২৫) সহ সাতজনকে গ্রেফতার করেছে।

 

এ ঘটনায় নিহতের ভাই ননা মিয়া বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

 

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত; গত ৭ মাস আগেও জমি নিয়ে বিরোধের জেরে উভয় পরিবারের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছিল। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *