নজর২৪, ফেনী- ফেনীতে বাসা থেকে ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিএসআই) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শফিকুল আজম (৪৩)।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে কর্মস্থল হলেও তিনি ফেনী শহরের মধ্যম চাড়িপুর পাগলা মিয়া সড়ক (হাজারী রোড) লাগোয়া মনির আহম্মদের আশিক মঞ্জিলে ভাড়া থাকতেন। বাসায় তিনি একাই থাকতেন।
আজ সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ ওই বাসার দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শফিকুল আজমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আউটপাড়ায়। তার পরিবাবের সদস্যরা ঢাকায় বসবাস করে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিএসআই) শফিকুল আজম গত বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে ফেনী শহরের বাসায় ফেরেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি তিন দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোনটিতে কল করলেও তার ধরেননি কেউ।
সোমবার দুপুরে ওই ঘর থেকে পচা দুগর্ন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ ঘরের দরজা ভেতর বন্ধ দেখতে পান। এ সময় সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘরের দরজা ভেঙে শফিকুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর মারা গেছেন।
‘তবুও বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ, র্যাব, সিআইডি, পিবিআই, ডিবিসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে’ বলে জানান তিনি।
