মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে র্যাবের যৌথ অভিযানে ২০ কেজি গাঁজা ও ২ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-০৩। শনিবার (২৯মে) দুপুর ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শনিবার দুপুর ২টার সময় গোপন সংবাদ পেয়ে উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব-০৩। পরে তাদের মির্জাপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. হাফিজুর রহমান ভুট্টু (৫০) ও একই গ্রামের তমসের মিয়ার ছেলে খোকন মিয়া (৪২)।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে শনিবার রাত ৯টার দিকে মির্জাপুর বংশাই রোড এলাকা থেকে ২ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেন র্যাব-১২।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদরের তারাবাড়ি গ্রামের শংকর কর্মকারের ছেলে রতন কর্মকার (৩২) ও পৌরসভার বাইমহাটি গ্রামের মৃত বাবু পালের ছেলে গোপাল পাল (৪০)। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
