বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করুন: চরমোনাই পীর

নজর২৪ ডেস্ক- ঘূর্ণিঝড় ইয়াসসহ যে কোন বিপদ-বালা মসিবতে আতঙ্কিত না হয়ে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থণা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

 

বুধবার (২৬ মে) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, অতি খরা, অতি ঝড়-বৃষ্টি, মহামারি, বিপদ-আপদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সতর্ক করে থাকেন। এতে প্রকৃত ঈমানদারগণ আল্লাহমুখি হয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর সাহায্য প্রার্থণা করে থাকেন।

 

তিনি বলেন, করোনার পর নতুন আরো একটি মহামারি ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস বিপদ শুরু হয়েছে। এজন্য ধৈয্যধারণ করে একমাত্র আল্লাহর উপরই আমাদেরকে ভরসা করতে হবে। তিনি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সর্বাবস্থায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা করে গোনাহমুক্ত জীবন যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক দু:খ প্রকাশ করেন। সেইসাথে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা, বাগেরহাটের মোংলাসহ উপকুলীয় এলাকার জলোচ্ছ্বাসে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবধরণের সহযোগিতা সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *