দুই বছর আগেই আমাদের বিচ্ছেদ হয়েছে: মাহি

বিনোদন ডেস্ক- স্বামী মাহমুদ পারভেজ অপুর কাছ থেকে আলাদা হয়ে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত শনিবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

 

এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা। যদিও মাহি গণমাধ্যমেও বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। কিন্তু তার সাবেক স্বামী অপু বিষয়টি জানেন না বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও বিষয়টি খোলাসা করেছেন। আর একসঙ্গে থাকছেন না তারা।

 

কিন্তু গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানালেন দুই বছর আগে ঘর ভেঙেছে তাদের। এতদিন বিষয়টি প্রকাশ করেননি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। পরিবার ছাড়া বিষয়টি কেউ জানত না। হঠাৎ করেই সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে না থাকলেও দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। সেসব ছবি সামাজিক মাধ্যমেও এসেছে।’

 

তিনি আরও বলেন, ‘আমার জন্য অপুকে অস্বস্তিতে পড়তে হয়। তাই মনে হয়েছে বিষয়টি সবার জানা উচিত। অপু আমাকে খুব ভালোবাসে। এজন্যই তিনি চেয়েছিল এটি প্রকাশ না করার জন্য। সে ভেবেছিল, হয়তো একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল, বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানো উচিত।’

 

এক প্রশ্নের জবাবে মাহি বলেন, অপু কখনই চায়নি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক। সে প্রচণ্ড আড্ডাবাজ, ফুর্তিবাজ একটি ছেলে। বড় কথা হচ্ছে, ভালো মনের ছেলে সে। এ কারণেই অপুকে আমার পছন্দ। শুধু তা–ই নয়, অপুর মা–বাবা ও পরিবারের লোকজন আমার খুবই প্রিয়। তাঁদের সামাজিক মর্যাদাও আমার চেয়ে বেশি। আমার মনে হয়, অপুর মতো ভালো ছেলে আমার জীবনে আর আসবে না। সে এখনো একসঙ্গে থাকতে চায়।

 

তাহলে বিচ্ছেদ কেন? মাহির জবাব, গতকাল থেকে হুমায়ূন আহমেদের ‘দ্বৈরথ’ বইটি পড়ছি। বইটির একটি চরিত্র বলছে, তেলে ও জলে মেশে না। এটি ভুল কথা। তেলে–জলে মেশে ঠিকই, কিন্তু একটু ঝাঁকাঝাঁকি করতে হয়। আমি বেশি ঝাঁকাঝাঁকি পছন্দ করি না। ঝাঁকাঝাঁকি করলে হয়তো কিছুক্ষণের জন্য মিলবে। কিন্তু পরে আবার যেই লাউ সেই কদু হয়ে যাবে। সুতরাং আমাদের দুজনের একসঙ্গে থাকার বিষয়টি এ রকমই ছিল। এর চেয়ে ভালো বর্ণনা করতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *