ভারতে এক দিনে করোনায় মৃত্যু আবার ৪ হাজারের ওপরে

আন্তর্জাতিক ডেস্ক- করোনায় বিপর্যস্ত ভারতে একদিনে আবারো ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে কমেছে শনাক্ত। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

 

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে।

 

সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭।

 

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। আর ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।

 

গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়। গত সাত দিন ধরে ভারতে তিন লাখের নিচে করোনা শনাক্ত হচ্ছে।

 

৭ মে ভারতে প্রথম এক দিনে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর একাধিক দিন দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সবশেষ গতকাল দেশটিতে মৃত্যু চার হাজারের ওপরে উঠল।

 

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও।

 

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *