তারেক দেশে আসছেন: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর আর বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় আরও দুই বছর কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সুনির্দিষ্ট কোনো সময় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দোয়া করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। তাকে যেন আল্লাহ দীর্ঘ জীবন দান করেন। তাকে অচিরেই দেশে এসে আমাদের দলকে নেতৃত্ব দিতে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব দিতে পারেন।’

 

শুক্রবার ঈদুল ফিতরের নামাজের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময় এমন কথা বলেন তিনি।

 

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার তারেক রহমানের বিরুদ্ধে মোট চারটি মামলায় রায় হয়। পরের বছর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসা করাতে তিনি যুক্তরাজ্যে যান। কিন্তু আর দেশে ফেরেননি।

 

চারটি মামলায় তার সাজা হলেও আরও বেশ কিছু মামলা চলমান আছে দেশের বিভিন্ন আদালতে।

 

২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিলে ওই রাতেই তারেককে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করে বিএনপি।

 

ফখরুল বলেন, ‘আল্লাহতালা যেন অতি দ্রুত আমাদের নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এ বিষয়ে আমরা দোয়া করেছি।

 

‘আমরা এই দোয়া চেয়েছি যে, আল্লাহতায়ালা যেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বেহেস্তে নসিব করেন।’

 

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে একটি ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন সেই শক্তি অর্জন করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *