রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে দরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার (০৬ মে) শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সোনাতনী ইউনিয়নে নগদ অর্থ বিতরণের মাধ্যমে এই কর্মসুচির শুরু হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (০৮ মে) শাহজাদপুর পৌর সদরে ও উপজেলার ৭টি ইউনিয়নে ভিজিএফের ২ কোটি ৩২ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা মোট ৫১ হাজার ৭০৮ জনের মাঝে বিতরণ করা হয়।
এদিন শাহজাদপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিঃ আবুল কালাম আজাদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও কাউন্সিলর বৃন্দ।
একই সময় উপজেলার পোতাজিয়া ইউনিয়ন, কায়েমপুর ইউনিয়ন, গাড়াদহ ইউনিয়ন, বেলতৈল ইউনিয়ন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন, কৈজুরী ইউনিয়ন ও গালা ইউনিয়নেও ভিজিএফের অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের দরিদ্র ও দুস্থ্য ৯০ হাজার ৮১৯টি পরিবারের সহায়তার জন্য মোট ৪ কোটি ৮ লক্ষ ৬৮ হাজার ৫৫০ টাকা বরদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে ১৩টি ইউনিয়ন ও পৌরসভার পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, সহায়তার টাকা প্রকৃত দরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে স্বচ্ছতার সাথে বিতরণের লক্ষ্যে ট্যাগ অফিসার নিয়োগ হয়েছে। তারা উপস্থিত থেকে সর্বোচ্চ স্বচ্ছতা মেনে ও নিয়ম মোতাবেক সহায়তা বিতরণ হচ্ছে, ক্ষেত্র বিশেষে ইউএনও, এসি ল্যান্ড, পি আই ও এর উপস্থিত থাকবেন। কোন অনিয়ম হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
