চীনা রকেটের সেই ধ্বংসাবশেষ আছড়ে পড়লো মালদ্বীপের কাছে

roket

আন্তর্জাতিক ডেস্ক- অবশেষে পৃথিবীতে আছড়ে পড়েছে বহুল আলোচিত সেই চীনা রকেটের ধ্বংসাবশেষ। ৯ মে রবিবার সকালে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ে এটি। রবিবার বেইজিং-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই এর বেশিরভাগ অংশ পুড়ে যায়।

 

যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি ভারত মহাসাগরে মালদ্বীপের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়ে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশন। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে ধ্বংসাবশেষটি ইতালির জনবহুল কোনো এলাকায় পড়তে পারে বলে জানিয়েছিল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞানীরা। যার কারণে ইতালির উমব্রিয়া, লাজিও, আবরুজ্জো, মোলিসে, ক্যাম্পানিয়া, ব্যাসিলিকাটা, পুগলিয়া, কালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া— এই দশ অঞ্চলে সতর্কতাও জারি করে স্থানীয় প্রশাসন।

 

তবে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র রিপোর্টার জিম স্কিউটো জানান, ‘লং মার্চ ফাইভ বি’ চীনা নভোযানের ধ্বংসাবশেষটি মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কোনো অংশে আছড়ে পড়তে পারে।

 

উল্লেখ্য, চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

 

পরে এর ভেতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। সেটাই রোববার সকালে আছড়ে পড়ে মালদ্বীপের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *