খালেদা জিয়ার বিষয়ে আজকের মধ্যেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে সরকারের কাছে করা আবেদনে শনিবারই সিদ্ধান্ত জানাবেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, সিদ্ধান্ত রোববার পাঠিয়ে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

 

শনিবার দুপুর একটার দিকে মন্ত্রী জানান, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের করা আবেদনটি বুধবার রাতে স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও মতামত বা অভিমত জানাননি। তিনি বলেন, ‘এখনও কিছু হয়নি।’

 

কবে নাগাদ বিষয়টি নিষ্পত্তি হবে হতে পারে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আজকের মধ্যে আমি আমার অপিনিয়ন দিয়ে দেব। কিন্তু আজকে যেহেতু শনিবার, কালকে (রোববার) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পৌঁছে যাবে।’

 

এর আগে ৫ মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় আবেদনটি দিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

এদিন রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিলেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা অভিমত দিয়েছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। যদিও আমরা ডাক্তারদের কাছে শুনিনি।

 

আবেদনটি ইতিবাচকভাবে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেছিলেন, আইনে যে পর্যায়ে আছে, কীভাবে কী করা যেতে পারে সেজন্য আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *