দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

নজর২৪, ঢাকা- ভারতজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ডাবল মিউট্যান্ট করোনার ধরনে আক্রান্ত প্রথম একজন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে।

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওই রোগীর করোনার নমুনা পরীক্ষায় এটি শনাক্ত হয় শনিবার দুপুরে নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন।

 

জার্মান সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটায় (জিআইএসএইড) বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।

 

জিআইএসএইডে করোনাভাইরাসের সব ধরনের জিনোম সিকুয়েন্সের তথ্য জমা রাখা হয়। আলমগীর বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে স্যাম্পল আমি দেখছি, না ধরা পড়লে তাদের সাইটে ইনফর্মেশনটি আপ করত না।’

 

কয়জনের মধ্যে এরকম ধরন পাওয়া গেছে? -জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কয়জনের মধ্যে পাওয়া গেছে সেই সংখ্যাটা আমাদের কাছে আসেনি, তাই বলতে পারছি না।

 

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভারত থেকে দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ৬০ জন করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন। তবে তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না সেটি জানতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

বৃহস্পতিবার (৬ মে) করোনা মহামারির পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ড. রুবেদ আমিন।

 

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে ও অন্যান্য দেশের শক্তিশালী ভ্যারিয়েন্টের প্রবেশ ঠেকাতে ১৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

রুবেদ আমিন বলেন, দেশে ভারতের ডাবল ভ্যারিয়েন্টসহ অন্যান্য দেশের ভ্যারিয়েন্ট ঠেকাতে বেনাপোল থেকে আসা ১ হাজার ২৫২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে, এর মধ্যে ৬০ জন করোনা আক্রান্ত হয়ে দেশে এসেছেন।

 

এদিকে, একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়ে ফেলল ভারত। গত শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

 

ভারতের নতুন ধরনের করোনা ভ্যারিয়েন্ট (ধরন) কোনোভাবেই যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *