বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনার টুইট

বিনোদন ডেস্ক- পশ্চিমবঙ্গে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে এমনটাই ঘোষণা করেছেন বারেবারে। তবে ফল ঘোষণার দিন বাংলার মানুষ রায় দিল মমতা ম্যাজিকের পক্ষেই।

 

২০০-র বেশি বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চলেছে ঘাসফুল শিবির। তৃতীয়বার দিদির উপরেই আস্থা রাখল বাংলার জণগণ। অন্যদিকে তিন ডিজিটের সংখ্যাও ছুঁতে পারবে না বিজেপি, বলছে ভোটের ট্রেন্ড। নন্দ্রীগ্রামে টানটান লড়াইয়ের পর জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

 

অথচ তৃণমূলের এই ঐতিহাসিক জয় নিয়ে একেবারেই খুশি নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপির ভরাডুবি নিয়ে উল্টো সুর মোদীর প্রশংসক কঙ্গনার কন্ঠে। এদিন মমতার এই জয়কেই শুধু বিঁধলেন না, বরং এদিন বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশি আর রোহিঙ্গারা।

 

বাংলা জুড়ে যখন সবুজ আবিরের ঝড়, তখন কঙ্গনা টুইটারে লিখলেন- ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে’।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বার বাংলার কুর্সিতে বসতে বড় জয় পেয়ে নিজেদের অবস্থান ও উচ্চতা আরও বাড়িয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে।

 

রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল।

 

বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।

 

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে নানা নাটকীয়তার পর অবশেষে জয়লাভ করেছেন মমতা বন্দ্যাপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *