সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সোহরাব (৪৫) নামে ব্যাটারিচালিত এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
৩০ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব উপজেলার দুবলাগাড়ী চকপোতা গ্রামের মৃত শামসুল প্রামাণিকের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাশের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে মাছভর্তি ড্রাম নামিয়ে দিয়ে সোহরাব হোসেন অটোভ্যানটি নিয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন।
ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় পৌছুলে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক সোহরাব হোসেন নিহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
