আ.লীগ সরকারের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে না পারি গোটা জাতি নিঃশেষ হয়ে যাবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে। আজ চতুর্দিকে তাকিয়ে দেখবেন যে, সরকার বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই, কোথাও কারো কারো কোনো জবাবদিহিতা নেই।

 

শুক্রবার (৩০ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে বর্তমান সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে ‘গুম ও খুন’ হওয়া নেতা-কর্মীর পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়া ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।

 

ভ্যাকসিন সংগ্রহ করতে গিয়ে সরকার এখন পানি ঘোলা করে খাচ্ছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দেড় বছর আগেই বলেছিলাম যে, একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেয়া হয়। তারা (সরকার) একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে। যার ফলে কী হয়েছে- ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।

 

‘আমরা বলেছিলাম যে, চীন-রাশিয়ার বিকল্প উৎসগুলো দেখা হোক। তারা সেটা করে নাই। যার ফলে কী হতে যাচ্ছে? আজকে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। একটা বিশেষ প্রাণী আছে যারা ঘোলা করে পানি খায়। এদের অবস্থা হয়েছে তাই। এরা ঘোলা করে পানি খাচ্ছে।

 

কোভিড নিয়ে সরকার ব্যবসা করছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘মানুষ চিকিৎসা পাচ্ছে না। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আইসিইউ পায় না। অথচ দেড় বছর ধরে এই অবস্থা চলছে, তারা সেদিকে লক্ষ্য রাখেনি।

 

‘তারা শুধু দেখেছে, কী করে টাকা বানানো ‍যাবে, কী করে দুর্নীতি করা যাবে সেসব নিয়ে তারা ব্যস্ত থেকেছে।‘

 

তিনি বলেন, ‘আজকে আমাদের দুর্ভাগ্য, যখন এরকম অবস্থা- এই সরকারের উচিত ছিল সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শক্তি একখানে ডেকে নিয়ে আলোচনা করে জাতীয় দুর্যোগ মোকাবিলার চেষ্টা করা। তারা চেষ্টা করতে পারত। তা করেনি।‘

 

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বাধীনতার উদযাপনে মিডিয়া উপকমিটির সদস্য আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *