আলেমদের তো নয়ই, বিএনপিরও কাউকে গ্রেফতার করা হয়নি: কাদের

নজর২৪, ঢাকা- কোন আলেম ওলামাদেরতো নয়ই, এমনকি বিএনপির কোন নেতাদেরও সরকার গ্রেফতার করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে।’

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

 

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই।

 

তিনি মনে করেন, ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট যে সন্ত্রাস আড়াল করে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই মনগড়া কল্পকাহিনি তৈরির অপপ্রয়াস চালাচ্ছে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে।

 

১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর এবং ২১ আগস্ট ঘটিয়ে চক্রান্তের পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

করোনার ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাঁর দক্ষ ও মানবিক নেতৃত্বে প্রথম ডোজের মত দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ সময়মতো সংগ্রহ করবে ইনশাআল্লাহ।

 

তিনি জানান ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

 

ওবায়দুল কাদের আরও বলেন, যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তাদের মনের কথা হচ্ছে বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায়। তারা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বক্তব্য এবং কাজে সিদ্ধহস্ত যা ইতিমধ্যেই প্রমাণিত।

 

শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এদেশে সরকারের জনভিত্তি ঠিকই আছে। তবে গত এক যুগ ধরে বিএনপির নানান আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিয়েছে তারা প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন।

 

তিনি বলেন, বিএনপির রাজনীতির শেকড় বাংলাদেশের মাটির গভীরে নয়, অন্য কোথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *