কাদের মির্জার ‘হুমকিতে’ একদিনে ২৮ জনের জিডি

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে এক দিনে একসঙ্গে ২৮টি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন জমা পড়েছে।

 

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে একই অভিযোগে এক ফরমেটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে বাদলসহ ২৮ জন পৃথক পৃথকভাবে ওই জিডির আবেদন জমা দিয়েছেন।

 

রোববার (২৫) সকাল সাড়ে ৯টায় সাধারণ ডায়েরি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

 

তিনি বলেন, কাদের মির্জার বিরুদ্ধে তার প্রতিপক্ষ ২৮ ব্যক্তি নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেন। পুলিশ জিডিগুলো গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। সেখানে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেন, হত্যার বদলে হত্যা করা হবে। তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তার জন্য এসব জিডি করেছেন।

 

তিনি আরো বলেন, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ নেতাকর্মী এসব জিডি করেন।

 

এছাড়াও আরও নেতাকর্মী জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *