ভারতে একদিনেই সাড়ে ৩ লাখ আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক- দিন যত গড়াচ্ছে, করোনায় ভারতের করোনার দৈনিক সংক্রমণচিত্রও ততো গুরুতর রূপ নিচ্ছে। শনিবার ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

 

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬০ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন।

 

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যদিও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলেছে ভারত। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৫ জন, মারা গেছেন ৭৪২ জন।

 

যুক্তরাষ্ট্র তো বটেই, এমনকি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে ভারতের ধারেকাছে নেই তার প্রতিবেশী দেশগুলোও। শুক্রবার যেখানে ভারতের করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪৬ হাজার রোগী, সেখানে একই দিন পাকিস্তানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭০ এবং বাংলাদেশে ছিল ৩ হাজার ৬২৯ জন। নেপাল ও শ্রীলঙ্কায় শুক্রবার দৈনিক সংক্রমণ ছিল যথাক্রমে ২ হাজার ৪৪৯ এবং ৯৬৯ জন।

 

আনন্দবাজার জানায়, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে কোভিড সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসতে চলেছে।

 

বিশেষজ্ঞদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেওয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।

 

সংক্রমণ বাড়ায় বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ও কারফিউ জারি করা হয়েছে। দিল্লির কারফিউ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা চলছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *