অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া বনে আগুন লেগে তিনটি টিলার কয়েক একর গাছপালা পুড়ে গেছে। শনিবার দুপুরে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এর বিপরীত এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। গত ১৮ এপ্রিল এবং গত বছরের ১৭ মার্চ একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এর টীম লিডার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের ১০ জন কর্মী তিনটি ভাগ হয়ে আগুন নির্বাপনের কাজ করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বন বিভাগের কয়েকজন শ্রমিক পাহারের জঙ্গল পরিষ্কার করার কাজ করছিল। এতে তিনটি পৃথক টিলায় আগুন লেগে ক্রমেই তা ছড়িয়ে পড়ে। এসময় সেখানে বিদ্যুৎ এর একটি খুটিতে আগুন ধরে গেলে মানুষের মাঝে আতংক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বন্যপ্রাণী ব্যবস্থানা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার সহিদুল ইসলাম বলেন ‘ আগামী বর্ষা মৌসুমে ওই স্থানে ফলজ ও বনজ গাছ লাগানোর জন্য জমি তৈরীর কাজে হাজিরা ভিত্তিক কিছু চা শ্রমিক নিয়োজিত করা হয়েছিল।
তাদের সতর্ক করে দেয়া হয়েছিল কোন ধরনের আগুন না জ্বালানোর জন্য। বনে আগুন দিয়ে কাজ করার কোন নিয়ম নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি হিসেব তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।
