দ্বিতীয় টেস্টেও খালেদা জিয়ার করোনা পজিটিভ

নজর২৪, ঢাকা- দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার জন্য শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে।

 

রাত ১০টার দিকে খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন গুলশানের বাসভবনে প্রবেশ করেন।

 

প্রায় আড়াই ঘণ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অধ্যাপক ডা এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার আজকের (শনিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আশা করছি ৪-৫ দিনের মধ্যে নেগেটিভ আসবে। বাসার সবার করোনা পরীক্ষা করা হয়েছে। ম্যাডামসহ চারজনের পজেটিভ এসেছে। বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।

 

তিনি আরও বলেন, ম্যাডামের করোনা উপসর্গ দেখা দেওয়ার দিন যদি ধরি তাহলে শনিবার ১৮তম দিন। সেই হিসেবে আমরা মনে করছি করোনা ঝুঁকির মূল ভয়টা কেটে গেছে। করোনায় দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা সেটা ম্যাডামের হয়নি। করোনা সংক্রান্ত যে বিপদ সেগুলো থেকে ম্যাডাম এখন মুক্ত বলে আশা করছি।

 

ড. সিদ্দিকী আরও বলেন, ম্যাডাম গত এক বছর কোয়ারেন্টাইনেই আছেন। এই সময়ে আমরা তার কোনো পরীক্ষা করতে পারিনি। কারণ, তখন করোনা সংক্রামণের ভয় ছিল। কিন্তু তিনি তো করোনা আক্রান্ত হয়ে গেছেন এবং আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পথে আছেন। তাই এখন মেডিকেল বোর্ডের পরিকল্পনা হচ্ছে, করোনা সম্পৃক্ত যত পরীক্ষা করেছি, এর বাইরেও তার অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ফেলা। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে সেইগুলো করব।

 

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ আক্রান্ত হন। তাদের চিকিৎসাও এখানে চলছে।

 

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে থাকার পরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *