নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁটুপানিতে নেমে জাহেদ আলী নামে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নলছাটা এলাকায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ওই কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন, মারুফ মোল্লা, আরিফ হাসান, রাকিবুল ইসলাম মেহেদি, সরকারি মুড়াপাড়া কলেজের সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, মো. সজিব, সদস্য কামরুল হাসান পাপ্পু, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজওয়ান সাইদ, যুগ্ম আহ্বায়ক শান্ত ইসলাম, সদস্য ফয়সাল মিয়া, মাহমুদুর রহমান লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক জাহেদ আলী জানান, করোনা মহামারির কারণে সারাদেশে সরকারঘোষিত লকডাউন চলছে। ফলে বোরো ধান কেটে ঘরে তোলার জন্য তিনি শ্রমিক খুঁজে পাচ্ছিলেন না। এমতাস্থায় খবর পেয়ে বিনা পারিশ্রমিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা তার এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, কেউ যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন তাহলে আমাদেরকে জানালে আমরা গিয়ে ধান কেটে দেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।





