নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জে হেফাজতের হরতালের নামে সহিংসতা, ভাঙচুর অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে। গ্রেপ্তার হওয়া তিনজনই হেফাজতের হরতালের নামে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
হরতালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে নয়টি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে গত ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতাল সমর্থনকারীরা সহিংসতা চালায়।
এদিন যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়। আগুন দেয়া হয় ১৮টি গাড়িতে।
এ ঘটনার দুই দিন পর পুলিশ ও র্যাব ছয়টি মামলা করে। পরে আরও তিনটি মামলা করেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা।
