ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

প্রবাসের কথা ডেস্ক- ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ এপ্রিল) সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

 

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- পোমরা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার জাহেদ (৪২), সালাউদ্দিন (৪০) এবং আবছার (৪৫)। সালাউদ্দিন ও আবছারের বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে বলে জানা গেছে।

 

নিহতরা মাস্কট মডার্ন রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এলএলসি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

 

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা রাজাধানী থেকে ১ হাজার কি.মি. দূরে সালালাহ নামক অপর এক সিটিতে এক সপ্তাহ আগে পর্দার কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে সকালে মাস্কটে ফিরছিল। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতদের মধ্যে গাড়িচালক জাহেদ আমার আপন ভাগিনা।

 

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, মরদেহগুলো পুলিশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

 

এ ঘটনায় ওমানে বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *