Home জাতীয় আলেমদের গ্রেফতার করে সরকার পতনকেই ত্বরান্বিত করছে: খেলাফত মজলিস

আলেমদের গ্রেফতার করে সরকার পতনকেই ত্বরান্বিত করছে: খেলাফত মজলিস

0
100

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং যুগ্ম মহাসিচব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ আলেমদের গ্রেফতার ও রিমান্ডের দেওয়ার বিষয়টিকে নির্যাতন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

 

তারা বলেন, আলেম-ওলামা ও দেশপ্রেমিক জনগণের ওপর হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকার তাদের পতনকেই ত্বরান্বিত করছে। জুনায়েদ আল হাবীব ও মামুনুল হকসহ গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা।

 

খেলাফতের শীর্ষ দুই নেতা বলেন, সরকার বিদেশিদের খুশি করার জন্য দেশের আলেম-ওলামাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মাদরাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামাদের গ্রেফতার করে সাজানো- মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

 

রমজান মাসে করোনার নামে বিধিনিষেধ দিয়ে আলেম-ওলামাদের ওপর সরকারের এ দমন অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তারা।

 

উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

 

এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পর এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে।

 

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। যে মুহূর্তে মহামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠছে। সর্বত্র মানুষ আতঙ্কিত; এ পরিস্থিতিতে আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

 

তিনি বলেন, ‘দেশে মাদ্রাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদ্রসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।’

 

মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘গত কয়েকদিনে সারাদেশে শত শত নিরীহ আলেম, শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যেকোনও ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব। তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেফতার মেনে নেওয়া যায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here