নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কাদের মির্জা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (নং-৮১১) করেছেন।
শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে কাদের মির্জার মোবাইল ফোনে +99160016160 এই নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়।
জিডিতে মেয়র আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১১৮৯০৭১৮-এ ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারকে হত্যার হুমকি প্রদান করে।
জিডিতে আরও উল্লেখ করেন, বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এমতাবস্থায় বর্ণিত মোবাইলের কললিস্ট সংগ্রহক্রমে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা আবশ্যক।
জিডির বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা নিশ্চিত করে বলেন, একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘আপনার ছেলে তাশিক মির্জাকে হত্যা করা হবে। এর পর আমি আর কোনো কথা না বলে সংযোগ কেটে দিই।’
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার হুমকির বিষয়টিতে লিখিতভাবে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সাধারণ ডায়েরি করে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
