ভুয়া ডক্টরেট ডিগ্রি: মুখ খুললেন শিল্পী মমতাজ

বিনোদন ডেস্ক- ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

 

গত শনিবার বিশ্ববিদ্যালয়টি তাকে ‘ডক্টর অব মিউজক’ পদকে ভূষিত করে। তবে মমতাজের পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে বিতর্ক উঠেছে।

 

অনেকেই দাবি করেছেন, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর প্রতিষ্ঠানটি ‘ডক্টরেট ডিগ্রি’ বিক্রি করে বলেও মন্তব্য করছেন কেউ কেউ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

 

মমতাজের ডক্টরেট ডিগ্রি পাওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখেছে ‘বিডি ফ্যাক্টচেক’। তাদের অনুসন্ধানে জানা যায়, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে, যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্যা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ অনুযায়ী অবৈধ।

 

এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হলে মমতাজ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় থেকে গত এক বছর আগে আমাকে এই সম্মাননা দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল। করোনার কারণে আমি সময় নিয়েছি। আর এই সময়টা আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর নিয়েছি। আমার কাছে এটি ভুয়া মনে হয়নি। হ্যাঁ, এই নামে অনেক ভুয়া প্রতিষ্ঠান বা ঠিকানার খবর আমিও পেয়েছি। তখন এটি নিয়ে আরও বেশি সতর্ক হয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করি। এটা নিশ্চিত হয়ে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়টি সেটি নয়।’

 

মমতাজ আরও বলেন, ‘আমি নিজে গিয়ে সম্মাননা গ্রহন করেছি। আমি দেখেছি, সেখানে কতো লোক উপস্থিত ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিষ্ঠানটি শুধু আমাকে একাই নয়, তাদের দেশের অনেক গুণী মানুষজনকেও সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেবসহ অনেকে। সেখানে হাজির হয়ে বিষয়টি কোনো ভাবেই ভুয়া মনে হয়নি আমার কাছে।’

 

উল্লেখ্য, বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে বলছে, ভারতে মোট ৯৭৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কেন্দ্র পরিচালিত বিশ্ববিদ্যালয় ৫৪টি, ভারতের বিভিন্ন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় ৪২৫টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৪২৫টি এবং ইউজিসি অ্যাক্ট-১৯৫৬-এর তিন সেকশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় আরও ১২৫টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কোনো নাম নেই।

 

সম্প্রতি বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন তথ্য। যার মধ্যে গোলমেলে ডোমেইন নাম, ভুল ঠিকানা, কোনো আন্ডারগ্র্যাজুয়েট-গ্র্যাজুয়েট ডিগ্রি না থাকা এবং টাকার বিনিময়ে পিএইচডি দেওয়ার বিষয়টিও রয়েছে।

 

অনুসন্ধানে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নামে একটি ওয়েবসাইট (ghpuedu.org) পাওয়া গেছে। সাধারণত বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন ডটএডু (.edu) দিয়ে শেষ হলেও এর নামের শেষে রয়েছে ডটওআরজি (.org), যা কেবল বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

 

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ঘেঁটে কেনো স্থায়ী ক্যাম্পাসের ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানাগুলো গুগল ম্যাপে সার্চ করে এই সম্পর্কিত কোনো কিছু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *