আল্লামা শফীর মৃত্যু আল্লাহর নির্দেশে, পিবিআই তদন্ত ডাহা মিথ্যা: বাবুনগরী

নজর২৪ ডেস্ক- হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমেদ শফীর মত্যুকে অবহেলাজনিত হত্যা উল্লেখ করে তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রতিবেদনকে ‘ডাহা মিথ্যা বলেছেন’ সংগঠনের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী।

 

হাটহাজারী মাদ্রাসায় হাঙ্গামার মধ্যে শফীর মৃত্যুর পর হেফাজতের নেতৃত্বে আসা বাবুনগরীকেও পিবিআইয়ের প্রতিবেদনে আসামি করা হয়েছে। এই প্রতিবেদন নিয়ে তোলপাড়ের মধ্যে মঙ্গলবার গণমাধ্যমে প্রতিবাদ পাঠান বাবুনগরী।

 

এতে তিনি বলেন, আল্লামা আহমদ শফী রহ এর মৃত্যু নিয়ে পিবিআই যেই রিপোর্ট দিয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি এই প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করবো। এই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

 

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এরপরও নতুন করে আমাকেসহ আরো বারোজনকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এই মামলা ডাহামিথ্যে। এর কোন বাস্তবতা নেই। চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আসগর আলী হসপাতালের ডেথ সার্টিফিকেটসহ নির্ভরযোগ্য তথ্য প্রমাণের আলোকে দেশবিদেশের সকলের নিকট প্রমাণিত হয়েছে আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মৃত্যু আল্লাহ তায়া’লার হুকুমে স্বাভাবিক ছিলো।

 

তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাদিকবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ আল্লাহ ইচ্ছায় তিনি মহান রবের ডাকে সাড়া দেন।

 

আল্লামা বাবুনগরী বলেন, আল্লামা আহমদ শফী রহ. -এর মৃত্যুর পর তাঁর বড়ছেলে মাওলানা ইউসুফ ব্যাখ্যামূলক বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তাঁর বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছিলেন।

 

এরপরও আল্লামা আহমদ শফী (রহ.) এর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ ওলামায়ে কেরামের নামে মামলা দায়ের হওয়াতেই বুঝা যায় এই মামলা কতটা হাস্যকর ও ভিত্তিহিন।

 

পুনরায় এ প্রতিবেদনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবী জানান আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *