নজর২৪ ডেস্ক- বিতর্ক যেন পিছু ছাড়ছে না হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের। নারায়ণগঞ্জে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যা এখনও চলছে।
রিসোর্টকান্ডের পর মামুনুল হকের সঙ্গে তৃতীয় এক নারীর সম্পর্কের খোঁজ পায় আইন শৃঙ্খলা বাহীনি। মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সঙ্গে সেই নারীকেও খুঁজছিল তারা। এবার সেই আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢাললেন মামুনুল হক নিজেই।
এবার জানা গেল ওই নারীকে বিয়ে করেছেন তিনি। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এক নারীকে এক বছর আগে বিয়ে করেছেন বলে ওই নারীর ভাইয়ের কাছে দাবি করেন মাওলানা মামুনুল হক।
জান্নাতুল ফেরদৌস নামের ওই নারীর ভাইয়ের নাম শাজাহান সাজু। ওই নারীর ভাইকে শনিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে এ তথ্য জানান মামুনুল হক। শাজাহান সাজু নিজেই এই প্রতিবেদকের কাছে বিষয়টি স্বীকার করেছেন।
জানতে চাইলে শাজাহান সাজু বলেন, মামুনুল সাহেব আমাকে ডেকে নিয়ে আমার বোনকে বিয়ের কথা জানিয়েছেন। ২০২০ সালে তিনি আমার বোনকে বিয়ে করেন বলে জানান। এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন। তবে এটি কাবিননামা নয় বলেও মন্তব্য করেন তিনি।
তৃতীয় বিয়ের বিষয়ের মন্তব্য জানতে একাধিকবার মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য জানা যায়নি। মোবাইলে খুদেবার্তা পাঠানো হলে তিনি রিপোর্টের বিষয়ে জানতে চান। তৃতীয় বিয়ের বিষয়ে লিখে পাঠানোর পর তিনি আর কোনও মন্তব্য করেননি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ২০১৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাস্টার্স করার সময় এই নারীর সঙ্গে পরিচয় হয় মামুনুল হকের। ওই পরিচয়ের সূত্রে তাদের মধ্যে কথাবার্তা হতো। আড়াই বছর আগে ওই নারীর ডিভোর্স হয়। এরপর ওই নারীকে একটি মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি দেন মামুনুল হক। এরপর থেকেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার ক্ষেত্রে মামুনুল হক ভূমিকা রেখেছেন। ওই নারীকে ডিভোর্স করিয়ে কেরানীগঞ্জের একটি বাসায় রাখেন। ওই বাসায় মাঝে মধ্যেই যাতায়াত করতেন মামুনুল হক।
জানা গেছে, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর এই নারীকে মামুনুল হক তার বড় বোন দিলরুবার মোহাম্মদপুরের বাসায় রেখেছেন। ওই ঘটনার পর থেকে এই নারীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান আত্মীয়-স্বজনরা।
