পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিক নিহত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদীতে পাথর উত্তোলনের সময় পাথর কোয়ারীর বালু চাপায় জয়নুল হক (৪৮) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জয়নুল হক তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত কালা সূফির ছেলে।

 

শুক্রবার বেলা ১১টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ডাহুক নদীতে বাংলাদেশ-ভারত নোম্যান্সল্যান্ড এলাকায় পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

 

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে জয়নুল তার সহকর্মীদের সাথে ডাহুক নদীতে পাথর উত্তোলন করতে আসে। এ সময় সে নদীর পাথর কোয়ারীতে ডুব দিয়ে পাথর তোলার সময় পাথর কোয়ারীর বালু ধ্বসে চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়।

 

পরে তার সহকর্মীরা পাথর কোয়ারীতে অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পাথর কোয়ারী থেকে জয়নুলের মরদেহ উদ্ধার করে।

 

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *