নজর২৪, ঢাকা- সরকারের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব ও উদাসীন আচরণের কারণেই করোনা মহামারি কঠিন আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সরকারের লকডাউন এখন লেজে-গোবরে অবস্থা হয়ে গেছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি িএ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, লকডাউন ঘোষণার সময় একবারও ভাবা হয়নি যে যারা ইনফরমাল সেক্টরগুলোতে কাজ করে, যেমন দোকানের কর্মচারী, গণপরিবহন কর্মী, বাইক চালক- তাদের কীভাবে দিন চলবে। যারা দিন আনে দিন খায় তাদের কীভাবে দিন চলবে। এ বিষয়গুলো না ভেবে হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে বিক্ষোভ হয়েছে। পরে সরকার বাধ্য হয়ে সব খুলে দিয়েছে।
তিনি বলেন, লকডাউনে ব্যর্থ হওয়ার পর আজ আবার নতুন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন করা হবে। আমরা জানি না এই সর্বাত্মক লকডাউনের অর্থটা কী? জনগণও জানে না। বিকল্প কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কেও জনগণ জানে না।
‘রোজার সময়ে সর্বাত্মক লকডাউন কীভাবে সমন্বয় করা হবে, সে সম্পর্কেও কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা এটাও দেখিনি যে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তি বা মন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়েছেন। ’
তিনি বলেন, আমরা বারবার বলেছি এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। আমরা সরকারকে আহ্বান করবো, প্রতিটি ইনফরমাল সেক্টরের যারা উদ্যোক্তা তাদের যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। বিশেষ করে যতদিন লকডাউন থাকবে।
এছাড়া একেবারে যারা দিন আনে দিন খায় তাদের ত্রাণ সহায়তা দিতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এ সংকট মোকাবিলায় উদ্যোগী হই। মানুষ বাঁচাই-দেশ বাঁচাই।
