বর্তমানে বিএনপির ৫ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত

নজর২৪, ঢাকা- সারাদেশে বর্তমানে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেছেন, ‘বিএনপিতে খুব‌ই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের অত্যন্ত সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ডা. জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন।’

 

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) তিনি এ কথা জানান।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে করোনায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী মারা গেছেন। আর পাঁচ হাজার নেতাকর্মী করোনা আক্রান্ত আছেন। এটা গত ২-৩ দিন আগের খবর। আমরা থানা-ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি।’

 

তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, খন্দকার আহাদ চৌধুরীসহ অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

 

এসময়য় সরকারের সমন্বয়হীনতা, কৌশলগত পরিকল্পনার অভাব এবং উদাসীনতার কারণে দেশে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করেন মির্জা ফখরুল।

 

তিনি বলেন, করোনা অতিমারি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। বেশির ভাগ দেশ প্রস্তুতি নিলেও দুঃখজনকভাবে সরকার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অবশ্য জনগণকে সচেতন করতে না পারলে এই সমস্যার সমাধান সম্ভব হবে না বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *