নজর২৪, ঢাকা- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে থেকে বিষয়টি মনিটরং করা হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন।
এতিমদের যাওয়ার কোনও জায়গা না থাকার কারণে এতিমখানাগুলো খোলা থাকবে জানিয়ে উপমন্ত্রী বলেন, তবে কওমি মাদরাসাগুলোতে আবাসিক-অনাবাসিক যেগুলো আছে তা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া আছে।
কওমী মাদ্রাসার প্রসঙ্গে তিনি বলেন, কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রীকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। তারপরও তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে হবে।
এরআগে নিজে ভ্যাকসিন নিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
