হেফাজতের শীর্ষ নেতাদের ধরতে প্রধানমন্ত্রীর অনুমতি চেয়েছে পুলিশ!

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির শীর্ষ নেতাদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রীর সায় চেয়েছে পুলিশ। যেসব নেতার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা আছে তাদের তালিকা করেছে পুলিশ সদর দপ্তর।

 

ইতোমধ্যে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তাদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে তারা।

 

এদিকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তান্ডবের ঘটনায় ঢাকাসহ সারা দেশে যেসব মামলা হয়েছিল সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনা পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট কাজও শুরু করে দিয়েছে।

 

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হেফাজতের তান্ডবের সঙ্গে শীর্ষ নেতাদের ইন্ধন থাকার প্রমাণ মিলেছে। যারা এসব অপকর্ম করেছে তাদের একটি তালিকা করা হয়েছে। ওই তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। আমরা প্রধানমন্ত্রীর সিগন্যালের অপেক্ষায় আছি।

 

ওই কর্মকর্তা আরও বলেন, শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে পুলিশের বিভিন্ন ইউনিটকে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। ওইসব মামলায় হেফাজতের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছিল। তালিকাভুক্ত নেতাদের নজরদারি করা হচ্ছে। তারা কোথায় যাচ্ছেন বা কী করছেন তা পর্যবেক্ষণের আওতায় এসেছেন।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. সফিকুল ইসলাম জানান, ঝুলে থাকা হেফাজতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে চার্জশিট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হেফাজত নেতা মামুনুলসহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যারা অপরাধ করবে তাদের আইনের আওতায় আনা হবেই। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সম্প্রতি দেশের কয়েকটি স্থানে হেফাজত যেভাবে তান্ডব চালিয়েছে তারা ক্ষমার অযোগ্য। ইতোমধ্যে তান্ডবকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে তাদের আইনের আওতায় আনা হবেই। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা যাতে আর কোনো নাশকতা চালাতে না পারে সেই জন্য কঠোর নজরদারি করা হচ্ছে।

 

এর আগে গত রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী তান্ডবকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। আইজিপি, র‌্যাব মহাপরিচালক ও এসবির প্রধান ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশ সদর দপ্তরে আইজিপির সভাপতিত্বে একাধিক বৈঠক হয়েছে। গতকালও আইজিপি একটি সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে একা বৈঠক করেছেন।

 

সোমবার রাজধানীর পল্টন থানায় হেফাজতের শীর্ষ নেতা মামুনুল হকের বিরুদ্ধে তান্ডব চালানোর মামলা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আরেকটি মামলা হয়েছে। ওইসব মামলা থানা পুলিশের পাশাপাশি পুুলিশের বিভিন্ন ইউনিট ছায়াতদন্ত শুরু করেছে। যেকোনো সময় মামুনুলকে গ্রেপ্তার করার ইঙ্গিত পাওয়া গেছে।

 

সূত্র- দেশ রূপান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *