মামুনুল হককে নিয়ে ফেসবুক পোস্ট, যুবলীগ নেতা আটক

নজর২৪, সিলেট- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি-সংবলিত আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় এমাদ আহমেদ জয় নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

 

এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

 

পরে রোববার বেলা পৌনে দুইটার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, রোববার দুপুরে আলেম সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। এ নিয়ে পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *