গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব, ৪ জনের মৃত্যু

নজর২৪, গাইবান্ধা- গাইবান্ধার ওপর দিয়ে আজ রোববার বিকেলে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বৃষ্টিহীন ঝড়ে গাছচাপায় তিন নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

 

রোববার (৪ এপ্রিল) বেলা তিনটার দিকে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

 

এই চারজন হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল গাফফার (৪২), সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ময়না বেগম (৪৭) ও ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের বিশু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৬)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন। তিনি জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ে বিভিন্ন স্থানে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *