Home জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে: কাদের

শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে: কাদের

0
69

নজর২৪, ঢাকা- বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।

 

শুক্রবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

 

আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে দরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের।

 

শাজাহানের মত কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ এমন মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ে যখন কেউ থাকবে না তখন শাজাহানের মত নিবেদিত কর্মীরাই পাশে থাকবে।

 

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

দেশের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষদের সহযোগিতা দেশের সামর্থ্যবানদের কাছ থেকে একান্ত কাম্য।

 

এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here