মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪নং দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সকল সদস্যরা অনাস্থা এনেছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ঐ ইউপির সকল সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে জেলা প্রশাসক (ডিসি), স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব পেশ করেছেন।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ৮টি ওয়ার্ডের ইউপি সদস্য। বাকি তিন জন সংরক্ষিত নারী ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা সদস্য।
ইউপি সদস্যরা জানান, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে নামসর্বস্ব বিভিন্ন প্রকল্প দাখিল করে চেয়ারম্যান প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। এছাড়াও জন্ম নিবন্ধন সনদ দিতে ৪শ থেকে ৫শ টাকা, প্রত্যায়ন পত্র দিতে ৫০ টাকা, ভূমিহীন সনদ দিতে ৫শ থেকে ১হাজার টাকা নেন।
ট্রেড লাইসেন্স’র টাকা সহ যাবতীয় টাকা সরকারি কোষাগারে জমা না করে নিজে আত্মসাৎ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক পরিষদ গঠিত হওয়ার পর প্রথম সভার ৩০ কার্যদিবসের মধ্যে তিন সদস্যবিশিষ্ট প্যানেল চেয়ারম্যান গঠন করতে হবে। তিনি কোনো প্যানেল চেয়ারম্যান গঠন করেননি। এমনকি চেয়ারম্যান নারী ইউপি সদস্যদের খারাপ ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয় জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, ‘দলগ্রাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে ওই ইউনিয়নের ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মন, কোনো মন্তব্য করেননি।





