নজর২৪, ঢাকা- করোনা রোগী বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাসে অর্ধেক যাত্রী বহনের নির্দেশকে কেন্দ্র করে জনভোগান্তি, বিক্ষোভের যে পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতিতে অস্থিরতা প্রদর্শন না করে নিজেদের সুরক্ষার স্বার্থে অর্ধেক আসন খালি রেখে চলাচলের সিদ্ধান্ত মেনে চলার জন্য সকলকে ধৈর্য ধরতে হবে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের চলমান প্রেক্ষাপটে সরকার জনস্বার্থে শর্তসাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করছে। তবে অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেকে সরকারি নির্দেশনা মেনে চললেও আবার অনেকেই মানছেন না। অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি।
গণপরিবহন যেন নতুন করে করোনা সংক্রমণের ক্ষেত্র হিসেবে বিস্তৃতি ঘটাতে না পারে সেদিকে সকলের নজর রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে বিএনপি। দলটি শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করছে।
শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে, এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস উল্লেখ করে কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ তাদের স্বভাবজাত নেতিবাচক রাজনীতি দিয়ে বিনষ্ট করছে। মিথ্যাবাদি রাখালের মতো বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।





