পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন হেফাজতের নায়েবে আমির

নজর২৪, নারায়ণগঞ্জ- পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

 

বুধবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতের চার সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

 

সূত্র জানায়, কেন্দ্রিয় নেতাদের সাথে প্রায় ২ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবদুল আউয়ালের মান অভিমান ভাঙানো হয়েছে। আপাতত জেলা আমীরের পদ থেকে ইস্তফা নেয়ার যে ঘোষণা ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছেন আবদুল আউয়াল। এখন থেকে জেলা ও মহানগর নেতারা আগের মতই একত্রে কর্মসূচী পালন করা হবে জানিয়েছেন বিরোধ মিমাংসা করতে আসা কেন্দ্রীয় নেতারা।

 

বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের হেফাজত নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে মহানগর ও জেলার নেতারা হরতালের দিনের পরিস্থিতি বর্ণনা করেন। শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময়ে কোন বিরোধ না ঘটিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

 

পরে মামুনুল হক সাংবাদিকদের জানান, হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তারা মাওলানা আবদুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জে এসেছেন। সম্প্রতি নেতাকর্মীদের সঙ্গে নায়েবে আমির আব্দুল আউয়ালের ভুল বোঝাবুঝি ও মান-অভিমান সৃষ্টি হয়েছিল। সবার অনুরোধে সবকিছু ভুলে গিয়ে আব্দুল আউয়াল পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন। আগের পদে বহাল থেকেই তিনি হেফাজতের পরবর্তী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

 

এসময় গাড়ি পোড়ানো ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, মহাসড়কে অবস্থান নিয়েছি। অনেক জায়গায় হেফাজতের দায়িত্বশীলদের রাজপথ থেকে উৎখাত করতে প্রশাসন উদ্যত হয়েছে। সেখান থেকে কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে, তা হেফাজতের পক্ষ থেকে করা হয়নি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েছিল। সেটা থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়ে থাকতে পারে। তার দায় হেফাজতের না।

 

সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে তিনি বলেন, হেফাজতে ইসলাম সাংবাদিকদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায় এবং তা আছে। ব্যক্তি পর্যায়ে কেউ ভুল বুঝে কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তবে তার সঙ্গে দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই।

 

গায়ের জোরে জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

 

হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, সহকারী যুগ্ম মহাসচিব ফজলুল করীম, অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মূফতি বশির উল্লাহও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *