মাদ্রাসা ছাত্রদের বেত্রাঘাত অমানবিক, তবে গুলি করা মানবিক: আসিফ নজরুল

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদ কর্মসূচি ও হরতাল সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ওই বিক্ষোভে ১৩ জনের প্রাণহানীর কথা জানা গেছে।

 

নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের পর গত শুক্রবার থেকে রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত গণমাধ্যমে আসা খবরের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। তবে এ সংখ্যাটা আরও বেশি বলে দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

 

হেফাজতের দাবির সমর্থনে আয়োজিত ওই হরতালে পুলিশের গুলি করার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

 

বুধবার (৩১ মার্চ) তার ফেসবুক ভেরিফাইড পেইজ থেকে একটি ছোট্ট স্ট্যাটাসটি দেন। যেখানে তিনি লেখেন ‘ভন্ডদের দেশে। মাদ্রাসার ছাত্রদের বেত্রাঘাত করা অমানবিক। তবে তাদের গুলি করে মারা মানবিক!’

 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-সমাবেশ করে আসছে একাধিক সংগঠন।

 

সর্বশেষ মোদির আগমনের পর শুক্রবার জুমার নামাজের শেষে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ সংঘর্ষের উত্তাপ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *