তৃতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিজভীর, দোয়া প্রার্থনা

নজর২৪, ঢাকা- করোনা আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও করোনাভাইরাসে আক্রান্ত।

 

বুধবার (৩০ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে।

 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

 

তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু তৃতীয়বারের করোনা টেস্টেও তার রিপোর্ট পজিটিভ আসছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। আজ সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ব্যবস্থা নেয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

 

ডা. রফিক আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে। এর আগে তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। হার্টের রিপোর্টও ভালো। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন।

 

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

 

এদিকে রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *