নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার পাথরসহ ৩টি ট্রাক জব্দ

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ও বান্দরবন জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির কাগজিখোলা থেকে পাচারকালে ৭৬ লাখ টাকার পাথরসহ ৩টি ট্রাক ও পাচার সরঞ্জাম জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি বিজিবি। এ নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়েছে। যার নম্বর ১৭/২০২১ তাং: ২৯/৩/২০২১।

 

জানা গেছে, উপজেলা সদর থেকে ২৬ কিলোমিটার উত্তরে দূর্গম কাগজিখোলার ইটের সলিন নামক এলাকায় ২৮ মার্চ বিকেলে ১১ বিজিবির একটি টহল দল দেখতে পায় পাহাড়ের ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর ভর্তি ৩ টি ট্রাক।

 

দেখে বিজিবি জোয়ানরা সামনে অগ্রসর হলে ট্রাক ড্রাইভার ও হেলপারগণ দ্রুত পাহাড়ের দিকে দৌঁড় দেয়। বিজিবিও পিঁছু নেন তাদের। জঙ্গলাকীর্ণ হওয়ায় আসামীরা ছটকে পড়ে দ্রুত। বিজিবি পরে পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন এই পাহাড়ি পাথর ভর্তি ট্রাক।

 

অভিযান পরিচালনাকারী ১১ বিজবির নায়েক সুবেদার মো আলিমুজ্জামান মামলায় উল্লেখ করেন আটককৃত পাথর ও অন্যান্য মালামালের মূল্য ৭৫ হাজার ৯০ লাখ টাকা। যা থানায় জমা দেয়া হয়েছে।

 

এলাকাবাসীর সূত্র মতে, এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিমাত্রায় পাহাড় কেটে, মাটি খুঁড়ে, ঝিড়ি ঝর্ণা থেকে পাথর আহরণ করায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঝিরি ও পাহাড় খুঁড়ে পাথর উত্তোলনের ফলে এলাকায় দেখা দিয়েছে চরম পানির অভাব। শুষ্ক মৌসুম আসতেই নলকূপ ও রিংওয়েলে পানি উঠা বন্ধ হয়ে যায়।

 

তাদের মতে, বিভিন্ন খাল ও ঝিরি-ঝর্ণা থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাথর উত্তোলন চলছে। পাহাড়ের ভেতরে প্রশাসনের কর্মকর্তাদদের তৎপরতা না থাকায় পাথর উত্তোলনের কাজটি সুবিধাজনক বলে মনে করছেন ঠিকাদার কাজে নিয়োজিত শ্রমিক ও পাচারকারীরা।

 

বর্তমানে পাথর পাচারকারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবী, বাইশারী রেঞ্জ কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ তান্ডব চালাচ্ছে পাথর খেকোরা।

 

স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্টদের সবাই ম্যানেজ হলেও বিজিবিকে পারেনি ম্যানেজ করতে তারা। এ কারনে পাথরের ট্রাক জব্দ হয় প্রথম বারের মতো। অথচ এ এলাকায় পাথর সহ বনজ সম্পদ পাচার হচ্ছে মাসের পর মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *