ঋণ ও সুদের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে সেলিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

 

সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড় টার দিকে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খন্দকার পাড়ায় এ ঘটনা।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা গ্রামের মোঃ সেলিম উদ্দিন। ৩ বছর আগে স্ত্রীর পিত্রালয়ের পাশে কাহারিয়াঘোনায় সুদের উপর টাকা ঋণ নিয়ে সাড়ে ৩ শতক জমি ক্রয় করে বসতি গড়ে তুলে।

 

সংসারে রয়েছে ২ ছেলে ও ১ কন্যা সন্তান। নানা অভাব অনটনসহ প্রায় ২লাখের অধিক ঋণের টাকায় সুদ এসেছে কয়েক গুণ। বার বার মহাজনি নিয়মে মূল টাকার অধিক সুদের টাকা পরিশোধ করে আসলেও আসল টাকার সাথে গাণিতিক হাতে বৃদ্ধি হতে থাকে সুদ।

 

সম্প্রতি কিস্তিতে নেয়া স্বামীর চালিত ট্রলি গাড়ীটিও আটকে রাখে স্থানীয় সুদি মহাজনরা। ফলে সংসারে অভাবে একদিকে স্ত্রীর উপর স্বামীর অমানবিক নির্যাতন, অন্যদিকে স্বামীর নেয়া ঋণের সুদের টাকার জন্য প্রতিদিন স্ত্রী সেলিনা আক্তারের উপর সুদি মহাজনদের মানষিক চাপ।

 

এসব কিছু সহ্য করতে না পেরে ৩ সন্তানের জননী গৃহবধু সেলিনা আক্তার নিজ বাড়ির সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে পরিবারের সদস্যদের অগোচরে আত্মহত্যা করেন। সে করাইয়াঘোনা খন্দকারপাড়া এলাকার মরহুম জাকের মেম্বারের কন্যা।

 

ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেনেরে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।

 

স্থানীয়রা জানান, ঋণ নেয়া সুদি মহাজনদের মধ্যে রয়েছে পৌরসভার বাটাখালীর রুজিনা, খোন্দকানপাড়ার বাচু বেগম, তার বোন মরিয়ম, মনির আহমদ ও ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আত্মহত্যায় নিহত গৃহবধু সেলিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *