ভিপি নুরের মিছিলে সংঘর্ষ: ছাত্র পরিষদের এক নেতার স্বীকারোক্তি

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

 

মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আসামির জবানবন্দি নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

একই মামলায় গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের আজ আদালতে হাজির করা হয়।

 

মামলার নথি বলছে, এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৩৭ জন।

 

এর আগে গত শুক্রবার একই মামলায় গ্রেপ্তার ৩০ জনকে ২ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন ঢাকার আদালত।

 

২৫ মার্চ সকাল ১১টার দিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে যুব অধিকার ও ছাত্র অধিকারের নেতা–কর্মীরা মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তখন বাধা দিলে পুলিশের সঙ্গে দুই পক্ষের সংঘর্ষ হয়।

 

এতে পুলিশ বাহিনীর সাত সদস্য আহত হন। ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের অন্তত ৪৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৫১ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *