নজর২৪, ঢাকা- ২০১৩ সালে যেভাবে বিএনপি জামায়াতকে দমন করা হয়েছে সেইভাবে হেফাজতকেও দমন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হেফাজতকে নিয়ে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
আজ মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০১৩ সালেও একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর ভাবে দমন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
পরে মাহবুব উল আলম হানিফ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করছেন। তিনি দারুল হাসিদের ছাত্রদের সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আর অন্যরা ধর্মের দোহাই দিয়ে অধর্ম করছেন। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, মানবতার ধর্ম। আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে সব ধর্ম বিলুপ্ত করে দিতে পারতেন। তিনি তা করেননি। আমরা তাহলে কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি? মাদ্রাসার কোমলমতি ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’
মাহবুব উল আলম হানিফ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পোলাও মাংস খাচ্ছেন। হেলিকপ্টারে চড়ে ওয়াজ করতে যাচ্ছেন। ধর্ম নিয়ে ব্যবসা করছেন। আর ছাত্রদের ব্যবহার করে তাণ্ডব চালাচ্ছেন। এটা হতে পারে না। রাষ্ট্রক্ষমতা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই। এমন চললে রাষ্ট্র আপনাদের ছাড়বে না।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ও অতিথিরা বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এর ফলক উন্মোচন করেন।
