নজর২৪, ঢাকা- দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৪ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে এমপিও পদে ২৬ হাজার ৩৮ জন এবং নন-এমপিও পদে ৪২৬৩ সহ মোট ৩১ হাজার ১০১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থায় এমপিও পদে ১৯ হাজার ১৫৪ জন এবং নন-এমপিও পদে ১৮৪২ জন। মোট ২০ হাজার ৯৯৬ জন। এছাড়া সংরক্ষিত এমপিও পদে ২ হাজার ২০৭ জন নিয়োগ দেওয়া হবে।
এমপিও পদে মোট ৪৮ হাজার ১৯৯ জন এবং নন-এমপিও পদে ৬ হাজার ১০৫ জন মিলিয়ে মোট ৫৪ হাজার ৩০৪ টি পদে লোক নিয়োগ দেওয়া হবে।
জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার (৩০ মার্চ) বলেন, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত শূন্য আসনে শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এ বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
