নজর২৪, ঢাকা- উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপরে ভর করে বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি আবারও শুরু করেছে অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।’
সোমবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়াল যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তা-বে যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার। জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপি আবারো শুরু করছে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সে জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।
বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২-৩ দিনের হামলায় তাদের উসকানি দেওয়ার তথ্যপ্রমাণ পেয়েছে। বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারো প্রমাণ হয়েছে।
ক্ষমতার জন্য বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নৈরাজ্য করে লাভ নেই। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হবে না।
ওবায়দুল কাদের বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবসহ আওয়ামী লীগ সকল নৈরাজ্যের জবাব দেবে। এ সময় দলে ত্যাগী নেতাদের স্থান দিতে জেলা আওয়ামী লীগকে নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
